বিএলএ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনা দিলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস
Sangbad Prabhati, 12 February 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলায় জামালপুর ব্লকে বিএলএ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনা দিলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এসআইআর এ খুব ভালো ভাবে কাজ করার জন্য দলীয় নির্দেশে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লকের সমস্ত অঞ্চলের প্রায় ৫১৬ জন বিএলএ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনা জানানো হলো।
প্রত্যেককে দলীয় উত্তরীয়, উন্নয়নের পাঁচালীর ডায়রি, একটি পেন, একটি ক্যালেন্ডার ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর একটি করে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। দলের এই কর্মীদের সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, সংখ্যা লঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, সহ সকল শাখা সংগঠনের সভাপতি সহ অঞ্চল সভাপতি, প্রধান ও উপ প্রধানরা।
মেহেমুদ খাঁন বলেন, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা ব্লকের সমস্ত অঞ্চলের বিএলএ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনা দেওয়া হলো। দলের কর্মীরাই দলের সম্পদ। এস আই আর এর সময় এই বি এল এ ২ ও বুথ সভাপতিরা সাধারণ মানুষকে প্রচুর সাহায্য করেছেন। ভোট রক্ষা শিবিরে থেকে তাঁরা কাজ করেছেন। তাই আজ তাঁদের সম্বর্ধনা দিতে পেরে খুবই ভালো লাগছে। দলের কাছ থেকে এই সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত বিএলএ ২ ও বুথ সভাপতিরা। ভোটের আগে এই ভাবে কর্মীদের ডেকে সম্বর্ধনা দেওয়া আসলে দলীয় কর্মীদের চাঙ্গা রাখারই একটি কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যা আগামী বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রাখবে বলে মনে করা হচ্ছে।






