ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে মঞ্চ, সাজঘর ও স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন
Sangbad Prabhati, 29 January 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মঙ্গলকোটের কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান "পরশমণি"। এই অনুষ্ঠানের শুরুতেই বাসন্তী সামন্ত তাঁর স্বর্গীয়া মাতা সুহাসিনী বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে তৈরি "সুহাসিনী মঞ্চের" উদ্বোধন করেন।
পাশাপাশি বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা একটি স্মার্ট শ্রেণীকক্ষেরও দ্বারোদ্ঘাটন করেন যেখানে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির শিক্ষা নেয় সংশ্লিষ্ট শিক্ষিকা জয়তী ভট্টাচার্য্যের কাছে।
অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দে-র সৌজন্যে মঞ্চ সংলগ্ন একটি সাজঘর এবং অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী শ্যামল মজুমদারের সৌজন্যে "ক্ষণিকা" নামক বিশ্রামস্থলেরও উদ্বোধন হয় এদিন।
বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের হাতে তপতী মিত্র স্মৃতি পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত বলেন, "বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষা এবং সংস্কৃতির প্রসারে আজকের যাবতীয় পরিকাঠামো বিশেষ অবদান রাখবে", তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন মঞ্চ, সাজঘর, শ্রেনীকক্ষ এবং বিশ্রামস্থলের জন্য অর্থ প্রদান করা ব্যক্তিদের উদ্দেশ্যে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আশীষ কুমার সামন্ত এবং জয়দেব মিত্র, এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট মানুষেরাও উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে।









