পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন জামালপুরে
Sangbad Prabhati, 22 January 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে একের পর এক পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন হচ্ছে। বৃহস্পতিবার পাড়াতল দু'নম্বর অঞ্চলে এক কোটি একাত্তর লক্ষ তিপান্ন হাজার তিনশত চৌত্রিশ টাকা ব্যয়ে একটি পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, তাবারক আলী মন্ডল, প্রধান মাবিয়া বেগম শেখ, উপ প্রধান সরস্বতী টুডু, আনোয়ার সরকার সহ অন্যান্যরা। রাস্তাটি বাহাদুরপুর খেলার মাঠ থেকে শুরু হয়ে গারোলমুরি হয়ে শিপতাই স্কুল পর্যন্ত করা হয়েছে। ফিতে কেটে রাস্তাটির উদ্বোধন করা হয়। এই উপলক্ষে এলাকার সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন।
মেহেমুদ খাঁন বলেন, রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে অঞ্চলে উন্নয়ন পৌঁছে দিতে বদ্ধপরিকর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামালপুর ব্লকে পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তা ইতোমধ্যেই তৈরি হয়েছে, আজকে এই রাস্তাটি উদ্বোধন করা হলো এখনও পথশ্রী প্রকল্পের রাস্তা জামালপুরে উদ্বোধন হতে বাকি আছে। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে করছেন ভারতের আর কোথাও এত উন্নয়ন হয়েছে বলে তিনি মনে করেন না। রাজ্যে বিধানসভা ভোটের আগে পথশ্রী প্রকল্পে একাধিক রাস্তা উদ্বোধন তৃণমূলকে যে যথেষ্ট অ্যাডভান্টেজে রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।




