কমিশনের নির্দেশে প্যারালাইসিসে শয্যাশায়ী ৮৫ বছরের প্রৌঢ়র বাড়িতে গিয়ে হিয়ারিং ও ভেরিফিকেশন করলেন ইআরও
Sangbad Prabhati, 3 January 2026
অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ চলছে। পূর্ব বর্ধমানে বিভিন্ন ব্লকের পাশাপাশি জামালপুর ব্লক অফিসেও চলছে এসআইআর এর হিয়ারিং ও ভেরিফিকেশন। এরই মাঝে এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়লো জামালপুরে। আজ আঝাপুর অঞ্চলের নবগ্রামে দুটি বাড়িতে পৌঁছে গেলেন ব্লকের নির্বাচনী আধিকারিকরা। আজ তাঁরা ৫৫ নম্বর বুথের দুজনের বাড়িতে যান। প্রথম জন ৮৫ বছরের প্রৌঢ়। প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী হয়ে থাকা ফকির ক্ষেত্রপাল এবং অপর জন দুর্ঘটনায় বিছানায় শয্যাশায়ী ৪৫ বছরের মঙ্গল বেসরা।
এঁদের বাড়িতে যান ইআরও নীলিমা সামন্ত, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, ব্লকের নির্বাচনী দপ্তরের কর্মী জয়দীপ দে বিএলও গীতা ঘর ও সুপার ভাইজার শেখ জাকির হোসেন সহ অন্যান্যরা। নীলিমাদেবী জানান, কমিশনের নির্দেশে যাঁদের হিয়ারিংয়ে নাম আছে তাঁদের হিয়ারিং করতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে। যেহেতু এনারা দুজন শারীরিক ভাবে অসুস্থ ব্লকে আসতে পারবেন না তাই কমিশনের নির্দেশে তাঁরাই পৌঁছে গিয়েছিলেন ফকির বাবু ও মঙ্গল বাবুর বাড়িতে। ব্লকের যেখানেই এই ধরনের সমস্যা থাকবে তাঁরা তাঁদের বাড়িতে পৌঁছে গিয়ে হিয়ারিং করবেন।




