ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ফেরানোর অভিযানে সামিল অবর বিদ্যালয় পরিদর্শক
Sangbad Prabhati, 17 December 2025
অতনু হাজরা, জামালপুর : বিদ্যালয় বহির্ভূত ছাত্র-ছাত্রী , দীর্ঘ অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ফেরাতে এবং ১৮ বছরের নিচে ছাত্রীদের বিবাহ রুখতে জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ বিভিন্ন অঞ্চলের বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে নিজে বিদ্যালয় ছুট ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে ফেরাতে এবং বাল্য বিবাগ রুখতে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন। এদিন তিনি চক্ষণজাদী জি এম ইনস্টিটিউশন এ গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারাধন হাজরা ও তাঁদের পার্শ্ব শিক্ষকদের সঙ্গে নিয়ে ও স্থানীয় চক্ষণজাদী ও শম্ভুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে চক্ষণজাদী ও শম্ভুপুর গ্রামে বাড়ি বাড়ি অভিযানে যান। ছিলেন এডুকেশন সুপার ভাইজার সীমা ভট্টাচার্য্য রায় ও শিক্ষক কুশল মন্ডল।
অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ বলেন, জামালপুর পূর্ব চক্রের অন্তর্গত সমস্ত উচ্চ বিদ্যালয় আসা ছাত্র-ছাত্রীদের গ্রামগুলিতে এইভাবে সপ্তাহের একদিন করে অভিযান চালানো হবে। এবং সমস্ত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা হবে। জামালপুর পূর্ব চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা সহ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই খুব উৎসাহের সঙ্গে এই অভিযানে অংশগ্রহণ করেছেন।




