"Industry Solutions" - MSME Camp
"শিল্পের সমাধানে"-এম.এস.এম.ই শিবির
Sangbad Prabhati, 10 November 2025
অতনু হাজরা, জামালপুর : রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারের উদ্যোগে গত বছরের ন্যায় এ বছরেও সরকারি উদ্যোগে নভেম্বর মাসে পূর্ব বর্ধমান জেলা "শিল্পের সমাধানে"-এম. এস.এম.ই শিবির আয়োজিত হচ্ছে। তিন সপ্তাহ ধরে জেলার ব্লক ও পৌর এলাকায় এই শিবির হবে। ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি শিবির ৫ দিন করে চলবে। প্রথম সপ্তাহে ১০ নভেম্বর থেকে গলসী-১, রায়না-১, আউসগ্রাম-১, গলসী-২, কাটোয়া-১, কেতুগ্রাম-১, কালনা-১, মন্তেশ্বর, জামালপুর, মেমারি-১, মঙ্গলকোট, পূর্বস্থলী ১ ব্লকে শিবির শুরু হয়েছে।
সোমবার থেকে জামালপুর ব্লক অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে এই এম এস এম ই শিবির। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন এবং সংশ্লিষ্ট দপ্তরের ব্লক অফিসাররা। রাজ্য ক্ষুদ্র শিল্প দপ্তরের অধীনে হচ্ছে এই ক্যাম্প। যেখান থেকে এম. এস.এম.ই বা ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগীদের জন্য সমস্ত রকমের পরিষেবা যেমন - উদ্যম নথিভুক্তকরণ, ভবিষ্যত ক্রেডিট কার্ডের আবেদন, তাঁতি ও হস্তশিল্পীদের নানাধরণের সুযোগ সুবিধা দেওয়া, শিল্পী ও ব্যবসায়ীদের জেম পোর্টাল-এ নথিভুক্ত করা, ব্যবসায়ীদের বিভিন্নধরনের সরকারী ছাড়পত্র, প্যান কার্ড-এর আবেদন, ব্যাঙ্কের লোণ সংক্রান্ত বিষয় ইত্যাদি সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষুদ্র শিল্প স্থাপনের জন্য বেকার যুবক যুবতীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, তাঁতি সহ অন্যান্য ক্ষুদ্র কুটির শিল্পের শ্রমিকদের রেজিস্ট্রেশন করানো হয় এই ক্যাম্পে।
এই শিবিরগুলি থেকে এম. এস.এম.ই দপ্তরের নানা ধরনের পরিষেবা দেওয়ার পাশাপাশি আনুসাঙ্গিক অন্যান্য দপ্তরেরও যেমন কৃষি বিভাগ, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, কারিগরি ও উচ্চ শিক্ষা বিভাগ, অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ, ব্যাঙ্কেরও পরিষেবা প্রদান করা হবে।
উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলাতে সারা বছরই প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে জেলা সমাহর্তার করণে একদিনের জেলা পর্যায়ের সিঙ্গেল উইন্ডো শিবির নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে।
উল্লেখ্য আগামী ১৪ নভেম্বর দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই চারটি জেলা নিয়ে যে এমএসএমই সিনার্জি অনুষ্ঠিত হচ্ছে, তারই বার্তা নিয়ে পূর্ব বর্ধমান জেলার জেলাস্তরের শিবিরটি আগামী ২৭ নভেম্বর ২০২৫ আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।




