জাতীয় প্রেস দিবস উপলক্ষে সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি
Sangbad Prabhati, 16 November 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় প্রেস দিবস উপলক্ষে বর্ধমানের সাংবাদিকদের নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আযােজন করে কলকাতার পিয়ারলেস হসপিটাল। ১৬ নভেম্বর বর্ধমানের হোটেল সিটি টাওয়ারে সাংবাদিকদের নিয়ে ওই স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আযােজন করা হয়। মূল অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের ইসিজি পরীক্ষার পর পিয়ারলেস হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মৈনাক চট্টোপাধ্যায় রিপোর্ট দেখে প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিনের কর্মসূচিতে প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান, পিয়ারলেস হসপিটালের মার্কেটিং ম্যানেজার সপ্তর্ষী ঘোষ। এরপর হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মৈনাক চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, হার্ট আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেক সময় বুকে ব্যথাকে আমরা গ্যাসজনিত ব্যথা বলে ভুল করে থাকি। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অল্পতেই হাঁপিয়ে যাওয়া প্রভৃতি লক্ষণ দেখার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বর্তমানে হৃদরোগ বেড়ে যাওয়ার মূল কারণ সম্পর্কে আলোচনায় উঠে আসে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন বেশি তেল, চর্বি, জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি, লবণযুক্ত খাবার ও ঠান্ডা পানীয় ইত্যাদি। তিনি বলেন, হৃদরোগ থেকে বাঁচতে প্রথমেই খাদ্যাভ্যাস ঠিক করা প্রযােজন। নিয়মিত শরীর চর্চা, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান বন্ধ করা, ৭ থেকে ৮ ঘন্টা ঘুম ও মানসিক চাপ কমানো খুবই জরুরি।
অনুষ্ঠানে 'খাদ্যাভ্যাসের পরিকল্পিত পরিকল্পনাই হল সুস্থ ও সুদীর্ঘ জীবনের চাবিকাঠি' শীর্ষক বিষয়ের উপর সুন্দর ভাবে আলোকপাত করেন পিয়ারলেস হসপিটালের সিনিয়র ডায়েটিশিয়ান সুবর্ণিতা মুখোপাধ্যায়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কাজের মাঝেই শরীরের দিকে খেয়াল রেখে হবে। খাদ্যাভ্যাসের প্রসঙ্গে তিনি বলেন, সব রকম খাবার সকলের শরীর নিতে পারে না। তাই কি খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন তুলে ধরার পাশাপাশি কিছু খাবারের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে জানান। তিনি বলেন, তেল, ঘি, মশলা, মাছ, মাংস, ডিম, নানা ধরনের শাকসবজি সবই শরীরের জন্য প্রয়োজন। কিন্তু শরীরের প্রকৃতি অনুযায়ী খাদ্যাভ্যাসের উপর গুরুত্ব দেন। সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার কথাও বলেন।
বক্তব্য রাখেন বর্ধমান ওয়েভের সভাপতি তথা সাংবাদিক পার্থ চৌধুরী। পিয়ারলেস হসপিটালের এই উদ্যোগকে তিনি এবং উপস্থিত সাংবাদিকরা সাধুবাদ জানান।





