মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস
Sangbad Prabhati, 14 November 2025
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস। আজ জামালপুরে কেলিরি মাজদিয়া হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেবার দিন ছিল। দুপুর দুটো পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেবার শেষ সময়। নির্দিষ্ট সময়ে দেখা গেলো তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়াই হয় নি। প্রসঙ্গত পরিচালন সমিতির ৬ টি আসনে তৃণমূলের পক্ষ থেকে মহম্মদ ফকির মল্লিক, শেখ ইজাজুর রহমান, শেখ আব্দুল গফুর, কাজী জাকির আলী, সালমা বেগম, শেখ সাবিনা মনোনয়নপত্র জমা দেন। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, ব্লকের সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত, সুদীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়ন জমা হয়। যেহেতু অন্য কোনো দলের পক্ষ থেকে আর কেউ মনোনয়ন জমা দিতে পারেন নি তাই এই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত এর আগে সমবায় নির্বাচনেও বিরোধী কোনো দলই মনোনয়ন জমা করতে পারে নি। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন এই মুহূর্তে জামালপুরে কোনো বিরোধী কিছু নাই। কারণ তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তাতে করে রাজ্যে বিরোধী বলে কেউ থাকবে না। সবাই মমতা ব্যানার্জীর উন্নয়ন যজ্ঞে সামিল হবেন। তাঁরা বলেন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে সকলেরই মনোনয়ন জমা দেবার অধিকার আছে। কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো দল নমিনেশন জমা করেনি। বিধায়ক বলেন রাজ্য সরকার যেভাবে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে যে উন্নয়ন করেছে তাতে বিরোধী থাকার কথা নয়। আর সেই জন্যেই জামালপুরে এই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বিরোধীরা কেউ নমিনেশন দিতে পারে নি।




