শিক্ষক দিবসের পূণ্য দিনে নিজেদের শিক্ষাগুরুদের সম্মান, শ্রদ্ধা জানাতে তাঁদের বাড়ি বাড়ি পৌঁছালেন দুই প্রাক্তন ছাত্র
Sangbad Prabhati, 5 September 2025
অতনু হাজরা, জামালপুর : শিক্ষক দিবসের পূণ্য দিনে নিজেদের শিক্ষাগুরুদের সম্মান, শ্রদ্ধা জানাতে তাঁদের বাড়ি বাড়ি পৌঁছালেন দুই প্রাক্তন ছাত্র। কথায় আছে শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। একদিকে তাঁদের হাত দিয়ে যেমন শত শত ডাক্তার, উকিল, বড় বড় চাকুরীজীবী তৈরী হয়। আবার অনেকে একটু অন্য পেশায় গিয়ে মানুষের মত মানুষ হয়ে নিজেরাই নিজেদের সমাজ গড়ার কাজে যুক্ত করেন। আজ আমরা সেইরকম দুই ছাত্রের কথা তুলে ধরব। তাঁদেরই একজন হলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন আর অন্য জন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক। দুজনেই বেড়ুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র। দীর্ঘ দিন আগেই তাঁরা বিদ্যালয় ছেড়ে বেরিয়ে এসেছেন। কিন্তু আজও তাঁদের কাছে বিদ্যালয়ের দিনগুলির স্মৃতি সতেজ ও টাটকা হয়ে আছে। যেমন ভুলতে পারেননি তাঁদের বিদ্যালয়ের ফেলে আসা দিনগুলো। ঠিক তেমনি ভুলতে পারেননি তাঁদের সময় তাঁদের শিক্ষকদের। শিক্ষকদের কথা, স্কুল জীবনের পুরনো দিনের কথা বলতে গিয়ে আজও তাঁদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই স্কুল থেকেই পড়াশোনা করে এসে আজ তাঁরা সমাজের বিভিন্ন কাজের সাথে নিজেদের যুক্ত করেছেন। আর তাঁদের আজকের এই প্রতিষ্ঠার পিছনে যাঁদের সবচেয়ে বড় অবদান সেই শিক্ষকদের আজও ভুলতে পারেন নি তাঁরা।
তাই আজকের শিক্ষক দিবসের এই পূণ্য দিনে তাঁরা তাঁদের সময়ের চারজন শিক্ষকের বাড়ি পৌঁছে গেলেন তাঁদের সম্মান, শ্রদ্ধা ও প্রণাম জানাতে। শেখ গোলাম এহিয়া, শেখ শামসুদ্দিন, শক্তি প্রসাদ ধারা ও পরেশ চন্দ্র দত্ত এই চারজন বেড়ুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠ এর প্রাক্তন শিক্ষক। আজ মেহেমুদ বাবু ও ভূতনাথ বাবু তাঁদের প্রাক্তন শিক্ষকদের বাড়িতে গিয়ে তাঁদের প্রণাম করে তাঁদের হাতে একটি পুষ্পস্তবক, একটি পেন, একটি মিষ্টির প্যাকেট ও পাজামা পাঞ্জাবি তুলে দিয়ে নতমস্তকে প্রণাম করে শ্রদ্ধা জানান।
প্রাক্তন ছাত্ররা এইভাবে বাড়িতে এসে তাঁদের সম্মান জানানোয় খুব খুশী এই শিক্ষকরা। তাঁরা বলেন ছাত্ররাই তো শিক্ষকদের অমর করে রাখে। মেহেমুদ ও ভূতনাথ তাঁদের প্রাক্তন ছাত্ররা আজ রাজনীতিতে প্রতিষ্ঠিত, তার সাথে প্রশাসনিক পদেও আছে। তাঁরা যে আজ সমাজে প্রতিষ্ঠা পেয়েছে তাতে তাদের শিক্ষক হিসাবে তাঁরাও খুব গর্বিত। আর আজও তারা তাদের শিক্ষকদের মনে রেখেছে এটাও তাঁদের কাছে এক বিরাট প্রাপ্তি। মেহেমুদ খাঁন ও ভূতনাথ মালিক বলেন আজ তাঁরা যেটুকু যা হয়েছেন তাতে এই শিক্ষকদের অবদান ভোলার নয়।
আজকের দিনে তাঁদের খুব রমেন বাবুর কথা মনে পড়ছে। তাঁরা একই সঙ্গে বলেন তাঁদের মাথা যেন সারা জীবন শিক্ষকদের চরণে নত থাকে। আমরা যোগাযোগ করেছিলাম বেড়ুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিলাম। তিনি বলেন সত্যি খুব ভালো লাগছে যে আমাদের বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র যাঁরা আজ সমাজে রাজনৈতিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। তাঁরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যাঁদের কাছে তাঁরা একটা সময় পড়েছিলেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সম্মান জানাচ্ছেন সত্যি এ এক বড় প্রাপ্তি। প্রসঙ্গত তিনি বলেন তাঁর স্কুলের ৭৫ বছরের যে অনুষ্ঠান হয়েছিল তাতে মেহেমুদ বাবু ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ বাবু তাঁদের যথেষ্ট সাহায্য করেছিলেন।






