Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

১০০ বছরের পুরনো শ্মশান কালী পুজোর উদ্বোধনে সম্প্রীতির নজির


 

১০০ বছরের পুরনো শ্মশান কালী পুজোর উদ্বোধনে সম্প্রীতির নজির


Atanu Hazra 
Sangbad Prabhati, 3 April 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সম্প্রীতির অনন্য নজির দেখা গেল। ১০০ বছরের পুরনো শ্মশান কালী পুজোর শুভ উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লকের সভাপতি মেহেমুদ খান। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পুলের মাথায় আয়োজিত এই ঐতিহ্যবাহী পুজোর সূচনা করেন তিনি। উদ্বোধনের পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন মেহেমুদ খান।

জামালপুরে এই শ্মশান কালী পুজো দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সৌহার্দ্যের প্রতীক হয়ে এসেছে। প্রতি বছর ধুমধাম করে আয়োজিত হয় এই পুজো। এদিনও পুজো উপলক্ষে স্থানীয় মানুষজনের মধ্যে ছিল বিপুল উৎসাহ। সকল ধর্মের মানুষ এই পুজোয় অংশ নেন, যা এলাকায় সম্প্রীতির নিদর্শন হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, এই পুজো শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতির মেলবন্ধনের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বহু বছর ধরে এখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই পুজো উদযাপন করে আসছেন। এদিন পুজোর উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। মেহেমুদ খান বলেন, "এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতির বার্তা বহন করে। বহু বছর ধরে আমরা সবাই মিলেই এই ঐতিহ্য বজায় রেখেছি এবং ভবিষ্যতেও এই ঐক্য অটুট থাকবে"। শ্মশান কালী পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই শ্মশান কালীর পুজোর মাহাত্ম্যই আলাদা।