বীজের রাখিতে পরিবেশের বার্তা : মিলিত প্রয়াসের অভিনব উদ্যোগ
Sangbad Prabhati, 25 August 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সামনেই রাখি উৎসব। উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন "মিলিত প্রয়াস"। বিভিন্ন জৈব উপাদান এবং নানা ধরনের গাছের বীজ ব্যবহার করে পরিবেশবান্ধব রাখি তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বর্ধমান আদর্শ বিদ্যালয়ে। শিবিরে শতাধিক ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। শুধুমাত্র রাখি তৈরি নয়, হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়াদের বোঝানো হয় কীভাবে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে সহজেই আকর্ষণীয় রাখি তৈরি করা যায়। প্রশিক্ষণ দেন সংগঠনের সদস্যা প্রাপ্তি ঘোষ। তাঁর কাছ থেকে রাখি তৈরির বিভিন্ন কৌশল শেখার পাশাপাশি পড়ুয়ারা নিজের হাতে রাখি তৈরি করে।
এই উদ্যোগের বিশেষ আকর্ষণ ছিল "বীজযুক্ত রাখি"। সাধারণ প্লাস্টিক বা কৃত্রিম উপাদানে তৈরি রাখির পরিবর্তে জৈব উপাদান ও বিভিন্ন গাছের বীজ ব্যবহার করে তৈরি এই রাখি পরিবেশের জন্য অনেক বেশি সহনশীল। রাখি ব্যবহারের পর তা মাটির সংস্পর্শে এলে উপযুক্ত পরিবেশে তার মধ্যে থাকা বীজ থেকে চারা গজানোর সম্ভাবনা রয়েছে। ফলে উৎসবের আনন্দ শেষ হওয়ার পরেও পরিবেশের প্রতি দায়বদ্ধতার বার্তা বহন করবে এই রাখি।
সংগঠনের সম্পাদক প্রতনু রক্ষিত বলেন, “প্লাস্টিকের বাজারচলতি রাখির তুলনায় এই ধরনের রাখি অনেক বেশি পরিবেশবান্ধব। রাখি ব্যবহারের পর সেটি মাটিতে ফেলে দিলে উপযুক্ত পরিবেশে বীজ থেকে গাছ জন্মাতে পারে। রাখির মতো একটি উৎসবকেও যদি আমরা পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে তার সামাজিক গুরুত্ব আরও বেড়ে যায়।”
আদর্শ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দে এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করার জন্য এই ধরনের হাতে-কলমে কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনের সহ-সভাপতি অশোক কুমার সরকার জানান, “এই ধরনের রাখি তৈরিতে খুব বেশি খরচ হয় না। বাড়িতে থাকা সহজলভ্য জৈব উপাদান এবং উপযুক্ত গাছের বীজ ব্যবহার করেই অতি সহজে এই রাখি তৈরি করা সম্ভব। ফলে উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার কাজও করা যায়।”
প্রশিক্ষণ শিবির ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও আনন্দ। নিজের হাতে রাখি তৈরি করতে পেরে তারা যেমন আনন্দিত হয়, তেমনই নতুন ধরনের পরিবেশবান্ধব রাখি সম্পর্কে জানতে পেরেও উৎসাহী হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের বেশ কিছু রাখি উপহার হিসেবেও দেওয়া হয়।
রাখি উৎসব মূলত ভাই-বোনের ভালোবাসা ও বন্ধনের প্রতীক। ‘মিলিত প্রয়াস’-এর এই উদ্যোগ সেই বন্ধনের পরিধিকে আরও বিস্তৃত করে মানুষের সঙ্গে প্রকৃতির বন্ধনে পরিণত করার বার্তা দিল।
একটি রাখি, একটি বীজ, একটি নতুন গাছ—উৎসবের আনন্দের সঙ্গে পরিবেশ রক্ষার অভিনব প্রয়াস। নতুন এই ভাবনা আগামী দিনে আরও অনেক মানুষকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।







